AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সেই তহশিলদারকে শোকজ


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০৭:৩৮ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সেই তহশিলদারকে শোকজ

নৈতিকতা লঙ্ঘন করে অর্থ গ্রহণ, সেবাগ্রহীতাকে হয়রানি, অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়া এবং বিকাশের মাধ্যমে লেনদেনের তথ্য সংবলিত অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ আবুল কালাম আজাদকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর রুহুম আমীন।

ডেপুটি কালেক্টর জানান, সোমবার (২৬ জানুয়ারি) তহশিলদার আবুল কালাম আজাদের নামে শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে তহশিলদার আবুল কালাম আজাদের অনিয়ম ও ঘুষ বানিজ্যের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, মোঃ আবুল কালাম আজাদ সেবা প্রদানের ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ গ্রহণ, সেবাগ্রহীতাকে হয়রানি, অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়া এবং বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগে অভিযুক্ত। এসব অভিযোগ সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশের কারণে সরকারি দপ্তর ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা অসদাচরণ এবং চাকরি শৃঙ্খলা পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়েছে, উল্লিখিত অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত তহশিলদার মোঃ আবুল কালাম আজাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন, জমির নামজারি ইচ্ছাকৃতভাবে বাতিল এবং অর্থের বিনিময়ে সরকারি রাজস্ব আত্মসাতের গুরুতর অভিযোগে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের পর তিনি ওই পরিবারের প্রতি প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বালিয়া ইউনিয়নের বাসিন্দা কাজিমা আক্তার তার ভোগদখলে থাকা জমির নামজারির জন্য ভূমি অফিসে আবেদন করলে তহশিলদার আবুল কালাম আজাদ প্রথমে দাবী করেন, জমিটি আবেদনকারীর দখলে নেই। একইসঙ্গে নামজারি প্রতিবেদন মঞ্জুর করার শর্তে তিনি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগ অনুযায়ী, তহশিলদার একটি চিরকুটের মাধ্যমে তার ব্যক্তিগত বিকাশ নম্বর ভুক্তভোগীর হাতে দেন। প্রথমে ২০ হাজার টাকা পাঠানো হলেও বাকি ৩০ হাজার টাকা প্রদান না করলে তহশিলদার মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করে আবেদন বাতিল করেন।

নামজারি বাতিলের কারণ জানতে ভুক্তভোগী ভূমি অফিসে গেলে তহশিলদার টালবাহানা শুরু করেন এবং ধারাবাহিক হয়রানি চালাতে থাকেন। পরে ভুক্তভোগী কাজিমা আক্তার জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্তের নির্দেশ দিয়ে সহকারী কমিশনার (ভূমি)কে দায়িত্ব দিলে তহশিলদার ক্ষিপ্ত হন এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ব্যবহার করে ভুক্তভোগীদের ওপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রদান করা হয়। এ অবস্থায় ভুক্তভোগী কাজিমা আক্তারের ছেলে নুরে আলম সুজন নিরাপত্তাহীনতার কারণে রাণীশংকৈল থানায় অভিযুক্ত তহশিলদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে জিডি দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, তার নাবালক ভাই মাহমুদুলের পক্ষে ঘুষ ও দুর্নীতির অভিযোগ দায়ের করার কারণে তহশিলদার ও তার সহযোগীরা তাদের পরিবারকে হুমকি দিচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!