নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীর তানোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। উপরন্তু দায়িত্বশীল পর্যায় থেকে দেওয়া কিছু সংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা দাবি করেন, নবম পে-স্কেলের দাবি এখন শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি দেশের ১৮ কোটি মানুষের ন্যায্য দাবিতে রূপ নিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

