নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ভোটারদের উদ্দেশে বলেছেন, “আপনারা যদি মনে করেন, দেশের কল্যাণে যে ব্যক্তি সৎভাবে কাজ করতে পারবে এবং নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ইসলাম ধর্মের শিক্ষা কখনোই অন্যায়কে সমর্থন করে না। মানুষের মতামতকে সম্মান করতে শেখায়। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ইসলাম ধর্মের যে শিক্ষা, সেটাই গণতন্ত্রের শিক্ষা। সেই শিক্ষা গ্রহণ করে আসুন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ সঠিক পথে চলি। এই দেশকে সুন্দর ও শান্তির পথে গড়ে তুলি। শান্তিই ইসলামের মূল বাণী।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষকে একজন সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এটিই ছিল মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা।
ভোটারদের উদ্দেশে মঈন খান বলেন, “এই দেশের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো সঠিক ব্যক্তিকে ভোট দেওয়া। সঠিক নেতা ও ইমাম সৃষ্টি করা। দেশের ইমাম যদি ঠিক না থাকে, তবে দেশও ঠিক থাকবে না। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষ ইমাম নির্ধারণ করে।”
তিনি বলেন, “আপনারা যদি সৎ ও দেশপ্রেমিক মানুষকে ভোট না দিয়ে প্রতারক ও অসৎ ব্যক্তিকে নির্বাচিত করেন, তাহলে দায় শুধু নেতৃত্বের নয়, দায় ভোটারদেরও। তাই আসুন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করি। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববাসী যেন বুঝতে পারে—বাংলাদেশ আকারে ছোট হলেও এ দেশের ১৮ কোটি মানুষ সচেতন, সৎ পথে চলতে জানে এবং দেশকে ভালোবাসে।”
পথসভায় গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনসহ গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

