স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতি একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় শত্রু। এটি কেবল আর্থিক ক্ষতিই করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। বন্দিদের মৌলিক মানবাধিকার রক্ষা করেই তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, কারাগারে মানবিক আচরণ, ন্যায্য সুযোগ-সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক মানদণ্ডেরও প্রতিফলন। তাই বন্দিদের নিরাপত্তার পাশাপাশি তাদের মানবাধিকার সুরক্ষায় প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, কারাগার একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এটি দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। বিচার ব্যবস্থার ধারাবাহিকতায় কারাগার অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
কারা প্রশাসনে স্বচ্ছতা ও সততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ কিংবা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করে, তবে তা শুধু আইন লঙ্ঘন নয়— রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের করের টাকায় বেতনপ্রাপ্ত রাষ্ট্রের কর্মচারী। সুতরাং জনস্বার্থ রক্ষাই তাদের একমাত্র দায়িত্ব হওয়া উচিত।
তিনি বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গড়ে তুলতে কারারক্ষীদের ভূমিকা অপরিসীম।
সমাপনী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন মহিলা কারারক্ষীরা দেশপ্রেমের দায়িত্বকে হৃদয়ে ধারণ করে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে রাষ্ট্রের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

