সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়ি-পাল্লার মিছিল, কর্মীসভা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তারা হলেন—ছাত্রদলের নেতা মো. আবির তালুকদার, মো. কিরণ মিয়া এবং আওয়ামী লীগের নেতা মো. সাইকুল ইসলাম।
সমাবেশে সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দিতে হবে। কারও হুমকি বা ভয়ভীতি প্রদর্শনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করার জন্য জনসচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে সবাইকে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
নির্বাচনী প্রচারণা উপলক্ষে সারা বাজারজুড়ে দাঁড়ি-পাল্লার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নির্বাচনী প্রচারণা অফিসের সামনে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন প্রার্থী তোফায়েল আহমেদ খান।
এ ছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এনসিপির নেতা মো. শরিফ মড়ল, মধ্যনগর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

