জাতীয় শিক্ষাপদক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুঈদ। তার এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মুঈদ শেরপুর শহরের বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তিনি শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের সাবেক শিক্ষক ও ক্যান্সারযোদ্ধা মো. আব্দুল মতিন এবং শ্রীবরদী উপজেলার উত্তর শিমূলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেরিনা ইয়াছমীন দম্পতির সন্তান।
সম্প্রতি জাতীয় পর্যায়ের শিক্ষাপদক প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছে মুঈদ। তার এ অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা।
মুঈদের বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মুঈদ লেখাপড়ায় মনোযোগ ধরে রেখে এই সাফল্য অর্জন করেছে। তার এ কৃতিত্ব অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
মুঈদের বাবা মো. আব্দুল মতিন বলেন, “আমার ছেলে জাতীয় শিক্ষাপদক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় আমি খুবই আনন্দিত ও গর্বিত। এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিজের পরিশ্রমের ফলেই সে এই অর্জন করতে পেরেছে। আমি চাই, সে শুধু লেখাপড়ায় নয়, একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। মানুষের কল্যাণে কাজ করে দেশ ও জাতির জন্য ইতিবাচক অবদান রাখুক—এটাই একজন বাবা হিসেবে আমার সবচেয়ে বড় প্রত্যাশা।”
বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা আক্তার বলেন, “মুঈদ একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে তার এ সাফল্য বিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি।”
মুঈদের পরিবার এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তার ভবিষ্যৎ সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।
স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজনরা মুঈদকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

