ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ কুষ্টিয়া সফর করছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুষ্টিয়া শহর ও জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে কুষ্টিয়ার নবনির্মিত শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত লোকসমাগমের কারণে বহু মানুষকে স্টেডিয়ামের বাইরে অবস্থান নিতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, জনসভাকে ঘিরে নারী সমর্থকদের মধ্যেও ছিল ব্যাপক উদ্দীপনা। স্টেডিয়ামের গ্যালারিতে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই কয়েক হাজার নারী গ্যালারিতে আসন গ্রহণ করেন। একই সঙ্গে মূল ফটক দিয়ে শত শত নারী সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন।

এর আগে রোববার কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জানায়, ডা. শফিকুর রহমান সোমবার সকালে হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় পৌঁছাবেন। তিনি পুলিশ লাইন্সের হেলিপ্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থলে যাবেন। আমিরে জামায়াত আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে। জনসভা শেষে তিনি হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশে রওনা দেবেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর জানান, জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “জনসভাটি যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান আজ একই দিনে কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ—এই চারটি জেলা সফর করবেন। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দার, শহর আমির এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

