বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা খেলার মাঠে পৌঁছেছেন। হাতে দলীয় পতাকা, মাথায় টুপি এবং ব্যানার-ফেস্টুন তাদের উপস্থিতি চিহ্নিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার সময় জনসভাস্থলে তারেক রহমানের উপস্থিতি ধরা পড়ার কথা ছিল, তবে রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আসেননি। হাজার হাজার মানুষ অধীর আগ্রহে তাকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন।
জনসভা কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়।
বিএনপির নেতারা জানিয়েছেন, এই জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। শান্তিপূর্ণ জনসভা নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

