মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।
রোববার দিবাগত রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের পিপিএম -এর দিক নির্দেশনায় লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিব, এসআই (নিঃ) আতাউর রহমানসহ পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম সোমবার দুপুরে জানান,লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা গ্রামে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার একপর্যায়ে গোয়ালীমান্দ্রা গ্রামের জনৈক সুভাস দাসের বসত ঘরের পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

