নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেলপাড় থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা রাস্তার পাশের ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলের পানিতে ফেলে দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

