ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ ঘটনাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগ্বিতণ্ডা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন,“আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি। আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সঙ্গে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না।”
একপর্যায়ে তিনি আরও বলেন,“অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার—মাথায় রাখবেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।”
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালার ১৮ ধারা লঙ্ঘন করে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় ঘটনাস্থলে গিয়ে সমাবেশ বন্ধ করতে বলা হয়। একই সঙ্গে সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

