AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পর তদন্ত ছাড়াই অপহরণ মামলা, ওসি নূরে আলমকে শোকজ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:০৬ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পর তদন্ত ছাড়াই অপহরণ মামলা, ওসি নূরে আলমকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে (ভারতীয় অংশে) নৌকাডুবির ঘটনায় গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামে এক ব্যক্তির নিখোঁজের পর তদন্ত ছাড়াই অপহরণ মামলা গ্রহণ করায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর মডেল থানার ওসিকে শোকজ করা হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে কামরুজ্জামান ওরফে বাচ্চুকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে যদি অন্য আসামিরা নির্দোষ প্রমাণিত হন, তবে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণ।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ৩ জানুয়ারি গভীর রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের নাড়–খাকি এলাকায় পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে চাকপাড়া গ্রামের বাসিন্দা গোলকাজুল ওরফে কাজল নিখোঁজ হন। ঘটনার পরদিনই নৌকাডুবিতে একজন নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় গোলকাজুলের সঙ্গে ছিলেন তার সহযোগী কামরুজ্জামান ওরফে বাচ্চু। তারা একটি ছোট ডিঙ্গি (বাড্ডি) নৌকায় করে গরু আনতে ভারতে যান। পদ্মা নদী পার হওয়ার সময় ঝড়ো বাতাস ও তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে বাচ্চু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভারী কাপড় ও জ্যাকেট পরিহিত অবস্থায় গোলকাজুল পানিতে তলিয়ে যান এবং আর উঠে আসতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, নৌকাডুবির ঘটনাটিকে একটি প্রভাবশালী চক্র ভিন্নখাতে প্রবাহিত করে কোনো প্রকার প্রাথমিক বা অধিকতর তদন্ত ছাড়াই একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। এতে আটজনকে নামীয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। তাদের দাবি, প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়েছে এবং নির্দোষ মানুষদের গ্রেপ্তার ও হয়রানির শিকার হতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থলের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী কামরুজ্জামান বাচ্চুকে শুরুতে বাদ দিয়ে অন্যদের আসামি করা হয়। পরে তাকেও সন্দেহভাজন হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া বাচ্চুকে থানায় দুই দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী সাবানা বেগম।

তিনি বলেন, একটি প্রভাবশালী চক্র এলাকায় মাদক ব্যবসা ও গরু পাচারসহ নানা অপরাধে জড়িত থেকে বিরোধীদের দমনে মিথ্যা মামলা ব্যবহার করছে, যার পেছনে প্রশাসনের একটি অংশের নীরব ভূমিকা রয়েছে।

আলাতুলী ইউনিয়নের রাণীনগর গ্রামের বাসিন্দা ও কামরুজ্জামান বাচ্চুর ভাই আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাইকে আটক করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে তিনি বারবার পুলিশকে জানিয়েছেন, এটি একটি নৌকাডুবির ঘটনা।

চরবাগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত ছাড়াই মামলা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এর পেছনে কোনো প্রভাবশালী মহল বা আর্থিক লেনদেন রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি গভীর রাতে গরু আনতে গিয়ে ভারতের নাড়–খাকি এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় গোলকাজুল ওরফে কাজল নিখোঁজ হন। এখনো তার মরদেহ বা কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সাত দিন পর কাজলের স্ত্রী লিমা বেগম আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতেই মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মামলাটি নেওয়া হয়। তবে নির্যাতন, প্রভাব বা অর্থ লেনদেনের অভিযোগ তিনি অস্বীকার করেন এবং দাবি করেন, আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!