যশোর সদরের শ্রীকান্তনগর বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত শামিম যশোর সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানদার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজন ব্যক্তিকে দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়।
স্থানীয়রা শামিমকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

