পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে কার্যালয়ে টাঙানো সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ডসহ দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে বাজার এলাকায় এক পথচারী হঠাৎ করে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে আশপাশের দোকানপাট রক্ষা পায়।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বিএনপি কার্যালয়ের ভেতরে ও বাইরে পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ঘটনার সময় কাউকে সরাসরি আগুন দিতে দেখা যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

