জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের অবসর উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জয়পুরহাট এবং সভাপতি, হাতিয়র কামিল মাদ্রাসা জেসমিন নাহার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান ডবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম (সাবেক সংসদ সদস্য), কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাহ আলম ও গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক মেসবা আহম্মেদ ডলার, ওমর ফারুক, শামীম রেজা, সেলিম রেজা, এবং শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীসহ শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদায়ী অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা, শৃঙ্খলাবোধ এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর পিতৃসুলভ আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বিদায়ী অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম তাঁর আবেগঘন বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক গাড়ির চাকার মতো। দুটিকে সমান ও সমান্তরালভাবে চালাতে হবে। মাদ্রাসার যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকলেই শৃঙ্খলা বজায় থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক-কর্মচারী ও মাদ্রাসার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

