AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন


Ekushey Sangbad
টেকনাফ উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
০৩:৫১ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে স্থাপিত স্থলমাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের ওই ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি লম্বাবিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হানিফ সীমান্তবর্তী হোয়াইক্যংয়ের বিলাইস্যার দ্বীপ এলাকায় যান। সেখানে আগে থেকে পুঁতে রাখা মাইনে পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার পা ছিন্নভিন্ন হয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হোজাইফার অবস্থা এখনও আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শিশুটির জ্ঞান ফেরেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে এক দফা অস্ত্রোপচার করা হলেও মাথার ভেতর থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি।

শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যং এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। তেচ্ছিব্রিজ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সীমান্তে সহিংসতা বন্ধ এবং নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!