বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোংলায় বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারী২০২৬) দুপুরে মোংলা উপজেলার চালনা বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।
দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে মোংলা ও আশপাশের এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার অবদান জাতি কখনো ভুলবে না। বক্তারা তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া কামনা করেন। দোয়া-মোনাজাতে অংশগ্রহণকারী আলেমরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশকে সকল অন্যায়, অবিচার ও সংকট থেকে মুক্ত রাখার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

