চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে একটি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
হারুনুর রশিদ বলেন, “আওয়ামী লীগ এখন আর ভোট করছে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না। তারা কাকে ভোট দেবে—জামায়াতে ইসলামিকে না বিএনপিকে—সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু কেউ যদি আমাকে ভোট দিতে চায় আর তাকে আওয়ামী লীগ করে বলে ধরে হয়রানি করা হয়, সেটা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয়, তাহলে আমি জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করব। এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি।”
বিএনপির এই নেতা বলেন, “এই শহর ও এই দেশে আওয়ামী লীগের লোকজনও বসবাস করে। সবাই কি অপরাধী? আওয়ামী লীগের শাসনামলে আমরা বাড়িতে বসে থাকলেও আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাহলে এখন নিরপরাধ মানুষদের মিথ্যা মামলায় ধরে নেওয়া হলে পার্থক্যটা কোথায়?”
তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায়, চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। বিএনপি করি বলে জমি দখল করব বা এমপির লোক পরিচয়ে অন্যায় করব—এটা হতে দেওয়া হবে না।”
হারুনুর রশিদ বলেন, “মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। থানায় বা ভূমি অফিসে ঘুষ দিতে হবে—এ দৃশ্য আর দেখতে চাই না। এজন্য তরুণদের সমর্থন চাই।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ অন্যরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

