মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের সরবরাহ করা উত্তরপত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন আনসার সদস্য এবং অপরজন একজন গৃহিণী। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরীয়া মহাবিদ্যালয়—এই দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওসি আবুল কালাম আজাদ।
গ্রেপ্তাররা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। অমৃত মণ্ডল বর্তমানে আনসার সদস্য হিসেবে মতিঝিল থানায় কর্মরত রয়েছেন।
পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, সারাদেশে শুক্রবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন জেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অমৃত মণ্ডল পরীক্ষা দিতে আসেন। পরে পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, এবং ফোনটিতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ প্রাথমিকভাবে জানায়, এই উত্তরপত্র বিক্রি করেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের প্রধান, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি এলাকার অসিম গাইন।
অপরদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরীয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে লাভলী আক্তার নামে এক নারীকে আটক করেন শিবচর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। জানা গেছে, চরমুগরীয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে তিনি উত্তরপত্র হাতে লেখা একটি শিট পড়ছিলেন। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে পড়ে। সন্দেহজনক আচরণের কারণে ম্যাজিস্ট্রেট তার হাতে থাকা শিট পরীক্ষা করে এবং পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল পাওয়ার পর তাকে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “উত্তরপত্র দেখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

