দেশের উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। গত কয়েক দিন ধরে পার্বতীপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া দুঃস্থ-অসহায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগব্যাধির প্রভাব।
প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শীতার্ত মানুষ কষ্ট ভোগ করছেন। সরকারি ও বেসরকারিভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
নিম্ন আয়ের মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতে রেলওয়ে জংশনের রেলপথ এলাকায় বসা পুরোনো কাপড়ের বাজার (লন্ডা বাজার) থেকে স্বল্পমূল্যে ব্যবহৃত কাপড় কিনছেন। এক পুরোনো কাপড় ক্রেতা জানান, এসব কাপড়ের দামও এখন খুব কম নয়, তারপরও বাধ্য হয়েই কিনতে হচ্ছে। বাজারে নতুন শীতের কাপড়ের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের ভরসা এখন এই লন্ডা বাজার।
লন্ডা বাজারের এক ব্যবসায়ী বলেন, আগে পুরোনো কাপড়ের দাম কম থাকায় আমরাও কম দামে বিক্রি করতে পারতাম। এখন বেশি দামে কিনতে হওয়ায় বিক্রিও বেশি দামে করতে হচ্ছে। সব মিলিয়ে পুরোনো কাপড়ের ব্যবসা ভালোই চলছে।
রেলওয়ে জংশনখ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলায় প্রায় চার লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু এখানকার শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ইতোমধ্যে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
শীতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তীব্র শীতের কারণে তারা কাজ করতে পারছেন না। আয়-রোজগার বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন। শীত ও ঘন কুয়াশায় ফসলের ক্ষতির আশঙ্কায় চিন্তিত কৃষকরাও। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
এছাড়া শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। সব মিলিয়ে পার্বতীপুরে জনজীবন একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

