নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা কালাপাহাড়িয়া ইউনিয়নের এক বাড়ি থেকে থানার লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ পাঁচ জনকে আটক করা হয়েছে যৌথ বাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশ সুপার (গ` সার্কেল) মেহেদী ইসলাম।
কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি`র অন্তত দুইজন নেতা বলেন, কাশেম আলী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের পিতা।
অভিযান শেষে বিকেলে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল যোবায়ের আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ কমানো এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ১৪০ জন সেনা ও ১০ জন পুলিশ সদস্য অংশ নেন বলেও জানাযায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কালাপাহাড়িয়ার খালিয়ার চরের এরশাদের ছেলে ১/মো. জাকির (৩০), একই এলাকার কানাই মিয়ার ছেলে ২/মো. জনি (১৯), প্রয়াত হযরত আলীর ছেলে ৩/মো. স্বপন (৪০), শামসুল হক ব্যাপারীর ছেলে ৪/আব্দুল মতিন (৪৫) এবং শুকুর আলীর ছেলে ৫/রিন্টু মিয়া (৫১)।
অভিযানে গত বছর গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি এবং ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও, আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চায়নিজ কুড়াল, ইলেকট্রিক শটগান, মাদক জব্দ করা হয়েছে। একইসাথে দশ লাখ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানাযায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

