ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষঙ্গ ‘ধামরাই রথ’ অক্ষত রয়েছে। রথটি পুড়িয়ে ফেলার তথ্যটি ভুয়া গুজব এবং প্রচারিত ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধামরাই রথটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে—এমন তথ্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি একটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে রথের আদলে একটি পোড়া কাঠামো দেখা যায়।
তবে সরেজমিনে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন ঢুলিভিটা–শরীফবাগ সড়কের বড়বাজার এলাকায় গিয়ে রথটি অক্ষত অবস্থায় দেখা যায়।
রথের পাশে থাকা আবু খালিদ মোহাম্মদ আজিজ বলেন, রথটি সম্পূর্ণ অক্ষত ও ঠিকঠাক রয়েছে। এটি ধামরাইয়ের ঐতিহ্য ও গর্বের অন্যতম প্রতীক। প্রশাসন এবং রথ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা নিয়মিত রথটির দেখভাল করেন। যে তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ গুজব।
ধামরাই রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, তথ্যটি সম্পূর্ণ ভুয়া। শুনেছি, ১৯৭১ সালে যে রথটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনার তথ্য ব্যবহার করে বর্তমান রথের একটি এডিট করা ছবি প্রচার করা হচ্ছে। রথ এলাকায় সবসময় পাহারাদার থাকে। পাশেই রেন্ট-এ-কারের গাড়ি থাকে, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ধামরাইতে এমন কোনো ঘটনার সম্ভাবনা নেই।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এই তথ্য সম্পূর্ণ গুজব ও ভুয়া। ধামরাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। ধামরাই রথে সবসময় নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

