ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান।
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন— লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর ব্যবহারের কারণে), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ দাখিল না করায়) এবং স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান (এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়)।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির এম. এ. কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদার (এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া থাকার কারণে)।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি-১ আসনে ৫ জন এবং ঝালকাঠি-২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

