কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে, পিতা বাবুল মণ্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ডিউটির অংশ হিসেবে নাসিম উদ্দিন টহলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইউনিফর্ম পরিধান করে অস্ত্র সংগ্রহের পর তিনি ক্যাম্প ব্যারাকের পূর্ব পাশে বাউন্ডারির ভেতরে যান। ওই সময় তিনি নিজের বুকে গুলি করেন বলে ধারণা করা হচ্ছে।
গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

