চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ফলে পুরো জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন।
আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, উত্তরের ঠান্ডা বাতাস, আকাশে মেঘের আধিক্য এবং ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে যান চলাচলও কমে গেছে।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও দিনমজুর মানুষ। অনেককে খড়কুটো ও জ্বালানি পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তা নেমে এসেছে ৮ দশমিক ২ ডিগ্রিতে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জামিনুর রহমান জানান, বাতাসের গতি ও কুয়াশার ঘনত্ব বাড়ায় শীতের অনুভূতি আরও বেশি হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে এবং আগামী দিনে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

