নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার দাউদপুর ইউনিয়নের নূরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পেইনে সেবা প্রদান করেন। মেডিসিন, চক্ষু ও চর্মরোগসহ গুরুত্বপূর্ণ বিভাগে রোগীদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনে ওই এলাকার সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন।
ক্যাম্পেইন চলাকালে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান, পিপিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমের গুণগত মান পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীরা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যেখানে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, সেখানে নিজ এলাকায় বিনামূল্যে এমন সেবা পাওয়ায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

