চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।
অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামুনিশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসান (৩৬)–কে আটক করা হয়।
আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. নুরুল ইসলাম। তিনি জীবননগর পৌর যুবদলের একজন নেতা বলে জানা গেছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

