নেত্রকোনা কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে রাতের আঁধারে গোয়ালঘর থেকে একটি সাদা কালো ডোরা কাটা গাভী ও একই রঙের একটি ষাঁড় বাছুর চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কাশিপুর গ্রামের কৃষক মঞ্জিল মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
গরু দুটির মালিক মঞ্জিল মিয়া বলেন, শুক্রবার রাতে গরু দুটিকে খাবার দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি।সকালে গোয়াল ঘরে এসে দেখি গরু দুটি নাই। গভীর রাতে চোরচক্র কৌশলে গোয়ালঘরে প্রবেশ করে গাভী ও ষাঁড় বাছুরটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ভুক্তভোগী মঞ্জিল মিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গাভীটি নিয়মিত দুধ দিত, যার মাধ্যমে পরিবারের দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হতো। চুরির ফলে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তাদের দাবি, চুরি হওয়া গাভী ও ষাঁড় বাছুরটির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ যদি গাভীটি বা ষাঁড় বাছুরটি কোথাও দেখতে পান অথবা চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানতে পারেন,তাহলে তাদেরকে জানাতে অনুরোধ করেছেন।
এ ঘটনায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন,এখন পর্যন্ত কাশিপুর গ্রামের গরু চুরির ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেন নাই।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

