দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা চুয়াডাঙ্গায় তীব্র শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন রেকর্ড। সকাল ছয়টার দিকে তাপমাত্রা পরিমাপের সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৫ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকেই জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের সূচনা হয়েছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা জেলায় শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে রোটাভাইরাসজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের ভর্তি হতে হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৪০০ থেকে ৫০০ জন রোগী শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়া ও শীতজনিত অন্যান্য সমস্যায় চিকিৎসা নিচ্ছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ মৌসুমে জেলার সর্বনিম্ন। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

