পটুয়াখালীর বাউফলে সহকারী কমিশনার (ভূমি) এর জাল স্বাক্ষর ও ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি খাস জমি নিজের নামে নেওয়ার অভিযোগে এক জামায়াত-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকে আটক করার পর থানায় হস্তান্তর ও পরে মুক্তি দেওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তি সাইফুল শরীফ (৪০) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দুপুরে অভিযুক্তকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভূমি) কার্যালয় থেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে অল্প সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, তিনি সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর জাল স্বাক্ষর ব্যবহার করে প্রায় ৯০ একর খাস জমি চাষাবাদের অনুমতির একটি ভুয়া পত্র স্থানীয়দের কাছে প্রদর্শন করছিলেন।
এ বিষয়ে এসিল্যান্ড সোহাগ মিলু বলেন, বিষয়টি নজরে আসার পর জাল স্বাক্ষরের সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার না করায় তাৎক্ষণিক শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে নিয়মিত মামলা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে ঘটনার পরপরই থানায় রাজনৈতিক নেতাদের উপস্থিতি এবং প্রশাসনিক জটিলতার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে।
অন্যদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ বিষয়ে কোনো আসামি থানায় নেই বলে মন্তব্য করে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান, যা পরিস্থিতিকে আরও রহস্যজনক করে তুলেছে।
ঘটনাটি ঘিরে এলাকায় প্রশাসনিক ভূমিকা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

