আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, “আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজ ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।”
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
গত মঙ্গলবার বিএনপির জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “এত বড় দল বিএনপির নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করা হয়েছে, আসন না দিলে জোট কীভাবে টিকবে! দল বাধ্য হয়েই আসন দিয়েছে।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ব্যবস্থা নিতে হয়, তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে তা বাধা দিতে পারব না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

