আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা–জীবননগর) নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় জীবননগরের উথলী ডিগ্রি কলেজের একাডেমিক ভবন-২ এর একটি কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রশিক্ষণ দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, নির্বাচনী মাঠে সবাইকে টিমভিত্তিকভাবে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। ভোটারদের কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন হলো শ্রমিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক দল দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে গড়ে উঠেছে। এবারের নির্বাচনে শ্রমিক দলকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শ্রমিক দল অগ্রভাগের সৈনিক।
নির্বাচনী কর্মশালাটি জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

