চট্টগ্রামের বোয়ালখালীতে একটি দোতলা মাটির ঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠ বিনোদ বরণ চক্রবর্তীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা ঘরের চালের নিচে দেয়ালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি সংশ্লিষ্টদের জানালে খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
শাওন জানান, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলামের নির্দেশনায় অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন আনুমানিক ২০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এর লেজে কিছুটা জখম রয়েছে।
পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে অজগরটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে বোয়ালখালীর বিভিন্ন এলাকা থেকে একাধিক অজগর উদ্ধার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

