নওগাঁয় জাতীয় পার্টির একটি মিটিং বন্ধ করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের উপকিল পাড়ায় দলের জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের অফিসে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর একটার দিকে মিটিং আয়োজনের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় উপস্থিত হন। এ খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা অফিস কক্ষে ঢুকে দলীয় ছবি, লোগো ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে এবং কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রেজোয়ান, রাফি প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি বলেন, "নওগাঁকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা মিটিং আয়োজন করছিল। আমরা উপস্থিত হয়ে তাদের এই গোপন বৈঠকে বাধা দিয়েছি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করেছে এবং ৫ আগস্টের পর থেকে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে জড়িত। তাই তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

