আজ ১৪ ডিসেম্বর সারাদেশের মতো নড়াইলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে।
দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলার বধ্যভূমিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই নীরবতার সঙ্গে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।
নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকেও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

