পটুয়াখালীর দুমকিতে কৃষক দলের মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই দেশের মাটি ও মানুষের রাজনীতিক। কৃষকের জীবনমান উন্নয়নেই তাঁর সকল উদ্যোগ নিবেদিত ছিল।”
তিনি বলেন, “জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি খুব অল্প সময়েই জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দেশে বৈপ্লবিক পরিবর্তন এনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন। তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক— জাতি তাঁর অবদান কখনো ভুলবে না।”
আগামী নির্বাচন প্রসঙ্গে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। তাঁর ঘোষিত ৩১ দফা হলো জাতির মুক্তির সনদ ও নতুন রাষ্ট্রগঠনের নীলনকশা। একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে— তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে দুমকি উপজেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত হয় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন” বিষয়ক মতবিনিময় সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ খান। সভায় প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।
এছাড়া বক্তব্য দেন পাংগাশিয়া ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাগর হাং, দুমকি উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ফিরোজ আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মর্তুজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ ও যুবদল নেতা মিজানুর রহমান লালমিয়া।
সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হবে, কৃষি উপকরণের দাম কমবে এবং কৃষিভিত্তিক অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

