ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় চলছে টানা অভিযান। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রতিদিনই পদ্মা নদীতে টহল ও অভিযান চলছে। মা ইলিশ রক্ষায় কোনো ধরনের অবহেলা বা ছাড় দেওয়া হবে না।”
সরকারের ঘোষণামতে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

