মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে গত তিন দিনে (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে প্রায় ১৩ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ সময় চারজন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন— মো. মোস্তাকিম (২০), মো. দেলোয়ার (৫৪), আল আমিন (৩০) ও আলী আকবর (৪০)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, “মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “ইলিশ সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে অভিযানের ফলে স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

