শেরপুরের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বাবুল মিয়া (৩০) কে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার মুন্সিরচরের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাবুল মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন প্রাণঘাতী দেশীয় অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বাবুলের বিরুদ্ধে দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষকে আতঙ্কে রাখতেন এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

