নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে মুক্ত করাতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন ভূইয়া নিহত হওয়ার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দিতে হবে। নির্দেশনা না মানলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে এখনো মোঃ মাহাবুব রহমান বা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১০ জুন বিকেলে রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী মামুন ভূইয়া, যিনি পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাবুর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জাহিদুল ইসলাম বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব রহমানের ভাতিজা।
একুশে সংবাদ/না.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

