মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন কলেজে নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। অভিযোগ উঠেছে, এসব কমিটিতে বিবাহিত, সন্তানের পিতা এবং ছাত্র রাজনীতির অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একচেটিয়াভাবে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, রাজপথে সক্রিয়, পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের উপেক্ষা করে একতরফাভাবে অযোগ্যদের দিয়ে দলীয় স্বার্থে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত ছাত্র নেতাদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই অভিযোগ ও ক্ষোভের প্রেক্ষিতে গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদর আড়পাড়া যশোর-মাগুরা মহাসড়কে এক বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন স্থানীয় ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা “অবৈধ পকেট কমিটি বাতিল করো”, “ত্যাগীদের মূল্যায়ন চাই”, “টাকা খাওয়া কমিটি চাই না”, “একতরফা কমিটি বাতিল করো”—এমন নানা স্লোগান দেন।
মশাল মিছিলটি আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুন্সী হাবিব উল্লাহ পাভেল, উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।
তারা বলেন, “ছাত্র রাজনীতিতে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন না হলে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। পকেট কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা থামবো না।”
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভকারীরা।
একুশে সংবাদ / মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

