"আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের `ডোনার্স ডে` অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গোয়ালন্দ প্রপার হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত `ডোনার্স ডে`তে ডোনারদের মিলন মেলায় পরিনত হয়।
সারাদিন ব্যাপি উৎসবমুখর নানা আয়োজনের মধ্যে ছিল টিশার্ট বিতরণ, দুপুরের খাবার, লাকী কুপন লটারী ও বর্ণাঢ্য র্যালি। বিকেল ৩টার দিকে একটি র্যালি গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠ থেকে বের হয়ে পৌরজামতলা ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা কোর্ট চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
এ-সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল প্রমুখ।
এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সংগঠনের ৭ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, যখন রক্তের প্রয়োজন হয় তখন তার স্বজনরাই বোঝেন রক্তের গুরুত্ব। এই রক্তের প্রয়োজনে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা নিজ অর্থ ও সময় খরচ করে তাদেরকে সহযোগিতা করছেন। শুধু তাই নয় এই টিমকরোনার সময়েও বিভিন্ন অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। যা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের কারণেই মানুষ আজ রক্তদানে উৎসাহিত হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

