ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর-বিজয়নগর আসনে নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও।
ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে আজ রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক ভোটগ্রহণ স্থগিতের আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, এই আসনের প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল করে কাঁচি প্রতীকের এজেন্টদের বের করে দেয় ও নৌকা প্রতীকের ব্যালটে সিল মারেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কেন্দ্রগুলোতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কাচি প্রতীকের এজেন্টদেরকে বের করে দেন।
শহরের মধ্যপাড়া হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে বাইরে নিয়ে গিয়ে সিল মারার অভিযোগ করা হয়। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সংসদীয় আসনের ভোটগ্রহণ স্থগিতের আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য আমি এবং পুলিশ সুপার সরেজমিনে শহরের কেন্দ্রগুলো পরিদর্শন করছি এর সত্যতা পেলে ব্যাবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

