চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। নিহত নাফিজ আহমেদ অয়ন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি গাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময় সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

