চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর র্যাব সদস্যদের সঙ্গে হামলাকারীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে সদস্যরা পাল্টা জবাব দেন। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় চলতে থাকে।
ঘটনার পর পুরো জঙ্গল সলিমপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রাম র্যাবের কমান্ডার হাফিজুর রহমান জানান, “সন্ত্রাসীদের একটি গ্রুপ আমাদের ক্যাম্পে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।”
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অপরাধী ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ওই এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন।
পরে ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএনের সমন্বয়ে প্রায় ৪ হাজার সদস্য নিয়ে সেখানে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালানো হয়। ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল।
পরবর্তীতে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় নিরাপত্তা জোরদারে র্যাব ও পুলিশের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

