চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করার আলোচিত মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের পক্ষে ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশের একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আয়াত।
তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পারে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশুটিকে অপহরণ করেছিলেন। তবে তাকে লুকিয়ে রাখার উপযুক্ত স্থান না পেয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ খণ্ডবিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পরবর্তীতে ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন সুইচ গেইট এলাকার একটি গর্ত থেকে শিশুটির দুই পা উদ্ধার করে পিবিআই। পরদিন একই এলাকা থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আবীর আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

