কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। প্রতিষ্ঠাকালীন এ বিভাগ থেকেই প্রথমবারের মতো একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্যের জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে চেয়েছি। একাডেমিক উৎকর্ষতার দিক থেকে বিশ্ববিদ্যালয়টি এখনো অনেক পিছিয়ে আছে, অথচ নেতিবাচক সংবাদের জন্য বেশি আলোচিত হয়। আমি সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে এ দায়িত্বে এসেছি। আমি বিশ্বাস করি, পিছিয়ে থাকলেও এটি একটি সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়।”
অনুষ্ঠানের আহ্বায়ক বনানী বিশ্বাস বলেন, “শিক্ষার্থীরা স্যারের ক্লাস মুগ্ধ হয়ে শোনে। তিনি শুধু একজন শিক্ষক নন, আমাদের কাছে একজন অভিভাবক ও অনুপ্রেরণার মানুষ। আমরা চাই তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাক।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি বিভাগ থেকে একজন উপাচার্য পেয়েছি। তিনি এই বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানও ছিলেন। তাঁকে উপাচার্য হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও সুনামের দিক থেকে আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

