AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত



পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমের আওতায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞানচর্চা, গবেষণা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ অর্জনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সৃজনশীলতা ও গবেষণামুখী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আলোচনা চলছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলা, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গবেষণার সুযোগ, গ্রন্থাগার, আইসিটি সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেন এবং নতুন উদ্দীপনায় তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা শুরু করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!