ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচ উপলক্ষে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ উপলক্ষে নির্ধারিত সময়ে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে ওই সময়ে ক্যাম্পাসে যানবাহনের প্রবেশ ও চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় গেট খোলা থাকবে। তবে অন্যান্য সব প্রবেশপথ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, সংবাদকর্মীদের যানবাহন, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পণ্যবাহী যান ও অন্যান্য সরকারি যানবাহন—ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে এ সময় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

