কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪০২ শিক্ষার্থীকে ২০২৫–২৬ অর্থবছরে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ দেওয়া হবে। এসব বৃত্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ২০২১–২২ শিক্ষাবর্ষ থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় আসবেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৯টি বিভাগ থেকে ২০৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী ৬৮ জন শিক্ষার্থী পাবেন ৮ হাজার ৫০০ টাকা করে, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬৭ জন পাবেন ৮ হাজার টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারী ৭৩ জন শিক্ষার্থী পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে।
মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগে ১৪ জন করে, আইন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ইংরেজি বিভাগে ১৩ জন করে, গণিত বিভাগে ১২ জন, অ্যাকাউন্টিং, প্রত্নতত্ত্ব, অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগে ১১ জন করে, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১০ জন করে এবং পদার্থবিজ্ঞান, ফার্মেসি, বাংলা, লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৯ জন করে শিক্ষার্থী রয়েছেন।
অন্যদিকে আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ক্যাটাগরিতে ১৮২ জন শিক্ষার্থী প্রত্যেকে ৭ হাজার ৫০০ টাকা করে পাবেন। এ ছাড়া খেলাধুলায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ১২ জন শিক্ষার্থীকে স্পোর্টস স্কলারশিপ দেওয়া হবে। তাঁদের প্রত্যেকে পাবেন ৮ হাজার ৫০০ টাকা করে। এ খাতে মোট বরাদ্দ রয়েছে ১ লাখ ২ হাজার টাকা।
অসচ্ছল মেধাবী ক্যাটাগরিতে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আইন বিভাগে ১০ জন করে শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। পদার্থবিজ্ঞান ও সিএসই বিভাগে ৯ জন করে এবং ফার্মেসি, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগে ৮ জন করে শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।
বৃত্তি প্রদান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে ২০২৫–২৬ অর্থবছরে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আর্থিক অসচ্ছলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে একাডেমিক ফলাফল ও সিজিপিএকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

